এয়ারটেল এখন ‘সার্কেল’, ০১৬ নম্বরসহ আগের সেবাগুলো থাকবে অপরিবর্তিত
বাংলাদেশে এয়ারটেল নতুন ব্র্যান্ড পরিচয় ‘সার্কেল (Cirkle)’ নামে যাত্রা শুরু করছে। নতুন নাম এলেও বর্তমান গ্রাহকদের ০১৬ নম্বর ও প্রচলিত সেবাগুলো অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। নতুন ব্র্যান্ডটি তরুণদের জন্য উন্নত ডিজিটাল সুবিধা, অফার ও নতুন অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেবে।

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে নতুন পরিচয়ে যাত্রা শুরু করছে এয়ারটেল। তরুণদের পরিচিত টেলিকম ব্র্যান্ডটি এখন থেকে ‘সার্কেল (Cirkle)’ নামে পরিচিত হবে। তবে নাম ও ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন এলেও বর্তমান গ্রাহকদের মোবাইল নম্বর ও প্রচলিত সেবাগুলো আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে। নতুন ব্র্যান্ডের মূল বার্তা—‘রিয়েল কানেকশন সবসময় অন’। তরুণ প্রজন্মের বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং ডিজিটাল যোগাযোগের পরিবর্তিত ধরনকে সামনে রেখেই নতুন পরিচয়টি তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের যোগাযোগের একটি পরিচিত নাম। কল ও মেসেজের পাশাপাশি গান, আড্ডা, বিনোদন এবং ডিজিটাল সংস্কৃতির সঙ্গে ব্র্যান্ডটির সম্পৃক্ততা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় পরিবর্তিত ডিজিটাল প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মেলাতে ‘সার্কেল’ নামে নতুন অধ্যায় শুরু হচ্ছে। গ্রাহকদের কী পরিবর্তন হবে? নতুন পরিচয়ের অধীনে তরুণ গ্রাহকদের জন্য বিভিন্ন অফার, আরও শক্তিশালী ডিজিটাল সুবিধা এবং নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার কথা বলা হয়েছে। তবে বর্তমান গ্রাহকদের জন্য পরিবর্তনটি নিরবচ্ছিন্ন রাখার কথা জানিয়েছে ব্র্যান্ডটি। গ্রাহকদের পরিচিত ০১৬ নম্বর পরিবর্তন হবে না। একইভাবে সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন ও ব্যক্তিগত তথ্যের সঙ্গে যুক্ত সেবাগুলো আগের মতো সচল থাকার কথা বলা হয়েছে। বর্তমান অ্যাপ আপডেট করার পর সেটি My Cirkle App হিসেবে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। বর্তমানে ব্যবহৃত অন্যান্য ডিজিটাল সেবাও কোনো বাধা ছাড়াই চালু থাকবে বলে জানানো হয়েছে। ব্র্যান্ডটির ভাষ্য, পরিবর্তনটি মূলত পরিচয় ও নামে; গ্রাহকদের সঙ্গে বিদ্যমান সংযোগ ও সেবার ধারাবাহিকতায় নয়। নতুন পরিচয়ের মাধ্যমে তরুণদের বাস্তব সম্পর্ক ও ডিজিটাল সংযোগকে আরও সামনে এগিয়ে নেওয়াই ‘সার্কেল’-এর লক্ষ্য

