তামিলনাড়ুর কৃষকদের বড় স্বস্তি, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ
তামিলনাড়ু সরকার সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপির ঋণেও সর্বোচ্চ ৭৫ হাজার রুপি ছাড় মিলবে। সম্প্রসারিত কর্মসূচির জন্য সরকার অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

আন্তর্জাতিক ডেস্ক ভারতের তামিলনাড়ুতে কৃষকদের জন্য বড় ধরনের ঋণছাড়ের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ শতভাগ মওকুফ করা হবে। দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে সোমবার এ ঘোষণা দেন তিনি। নতুন ব্যবস্থায় ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে। আর ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে আগের নির্ধারিত সীমা অনুযায়ী সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সুবিধা থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিধানসভায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে বিজয় বলেন, রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষকদের সহায়তায় সরকার অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি ব্যয় করবে। কৃষিকে রাজ্যের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে কৃষকদের আর্থিক চাপ কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। এর আগে দায়িত্ব নেওয়ার পর বিজয় সরকার কৃষিঋণ মওকুফের একটি ধাপভিত্তিক কর্মসূচি চালু করেছিল। নতুন ঘোষণায় সেই সুবিধার পরিধি আরও বাড়ানো হলো। সংশোধিত সিদ্ধান্তে অতিরিক্ত প্রায় ১ লাখ ৩৮ হাজার কৃষক সুবিধা পাবেন বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

